ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘রইদ’ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানোর পর এবার সেটির প্রশংসায় মুখ খুললেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি ‘রইদ’কে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাণের তিনটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন, যা তার মতে শুধু একটি সিনেমার নয়, পুরো চলচ্চিত্র শিল্পের জন্যই শিক্ষণীয়।
পোস্টের শুরুতেই দীপন জানান, তিনি সাধারণত দেশের কোনো চলচ্চিত্র নিয়ে প্রকাশ্যে মূল্যায়ন করেন না। সহকর্মীদের প্রতি পেশাগত সৌজন্যের কারণেই এ বিষয়ে সংযত থাকেন। তবে ‘রইদ’ তাঁকে সেই অবস্থান থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছে।
প্রথমেই তিনি নির্মাতা মেজবাউর রহমান সুমনের কাজের প্রশংসা করেন। তার ভাষ্য, অনেক নির্মাতা চলচ্চিত্রের বাইরের নানা বিষয় নিয়ে বেশি ব্যস্ত থাকেন, অথচ মূল চলচ্চিত্র নির্মাণেই মনোযোগ কম থাকে। কিন্তু সুমন সম্পূর্ণ ভিন্ন। তিনি যখন সিনেমা নির্মাণে নামেন, তখন তাঁর সমস্ত মনোযোগ থাকে শুধু গল্প ও নির্মাণে। দীপনের মতে, সেই একাগ্রতারই ফল ‘রইদ’।
দ্বিতীয়ত, অভিনেত্রী নাজিফা তুষির অভিনয়ের প্রশংসা করে দীপন বলেন, একজন অভিনেত্রীর প্রকৃত সৌন্দর্য কেবল পর্দায় আকর্ষণীয় দেখানোর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তিনি চরিত্রটিকে কতটা নিজের মধ্যে ধারণ করতে পারছেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
‘রইদ’-এ ‘সাদুর বউ’ চরিত্রে নাজিফা তুষির অভিনয়ের উদাহরণ টেনে তিনি লেখেন, অনেক অভিনেত্রীই যে কোনো চরিত্রে অভিনয়ের সময় নিজের গ্ল্যামার অটুট রাখতে চান। এই মানসিকতার মুখোমুখি তিনিও নির্মাতা হিসেবে হয়েছেন। কিন্তু ‘রইদ’-এ তুষির অভিনয় প্রমাণ করেছে, একজন শিল্পী যত বেশি চরিত্রের সঙ্গে একাত্ম হতে পারবেন, দর্শকের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ও পর্দার আবেদনও তত বাড়বে।
শেষ অংশে দীপন চলচ্চিত্র নির্মাণের দর্শন নিয়ে নিজের উপলব্ধি তুলে ধরেন। তাঁর মতে, দর্শককে আকৃষ্ট করতে গান, মারপিট, চোখধাঁধানো লোকেশন কিংবা অতিরিক্ত বাণিজ্যিক উপাদানের ওপর নির্ভর করার চেয়ে গল্পের সততা ও বিশ্বাসযোগ্যতাকে গুরুত্ব দেওয়া অনেক বেশি জরুরি। আন্তরিক ও সত্যনিষ্ঠ নির্মাণই শেষ পর্যন্ত দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়।
পোস্টের শেষদিকে আত্মসমালোচনাও করেন এই নির্মাতা। তিনি বলেন, চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও তারকা শিল্পীরা এসব বিষয় জানেন। কিন্তু নানা সময় তিনিসহ অনেকেই সেগুলো উপেক্ষা করেন কিংবা ভুলে যান। ‘রইদ’ সেই মৌলিক সত্যগুলো আবারও মনে করিয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন দীপংকর দীপন।


