জ্বালানি খাতে সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার সকালে রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ দাবি জানান।
তিনি বলেন, ‘সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা খুব বিব্রত।’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিশ্বের অনেক জায়গায় থ্রি জিরোর কথা বলেছেন উল্লেখ করেন ইফতেখারুজ্জামান। যার লক্ষ্য ছিল তিনটি প্রধান সমস্যা—দারিদ্র্য, বেকারত্ব এবং নিট কার্বন নিঃসরণকে শূন্যে নামিয়ে আনা।
কিন্তু মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর দেশে একবারও থ্রি জিরোর কথা বলেননি দাবি করেন টিআইবির নির্বাহী পরিচালক। কেন বলেননি সে প্রশ্নও তোলেন তিনি।
একই সঙ্গে অংশীজনদের সঙ্গে আলোচনা না করে নির্বাচনের অল্প কয়েকদিন আগে সরকার যে জ্বালানি মহাপরিকল্পনা করেছে, তা অনুমোদন পেলেও টিআইবি তা প্রত্যাখ্যান করত জানান তিনি।
এই সরকারের মূল বৈশিষ্ট্য অংশীজনদের বাদ দিয়ে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেওয়া অভিযোগ করেও তিনি বলেন, অধ্যাদেশ জারির মতো অস্বচ্ছ প্রক্রিয়ায় কাজ করা মোটেও গ্রহণযোগ্য নয়।
শ্বেতপত্র হলো কোনো জটিল বিষয় বা সমস্যা সম্পর্কে বিস্তারিত তথ্য, বিশ্লেষণ এবং প্রস্তাবনা সম্বলিত একটি সরকারি বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, যা সাধারণত নীতি নির্ধারণ, জনসচেতনতা বৃদ্ধি বা কোনো নির্দিষ্ট পদক্ষেপের যৌক্তিকতা প্রমাণের জন্য প্রকাশ করা হয়।


