ডালাস স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে ১ থেকে ১ গোলে ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করেছে জাপান। এই ড্রয়ের পর ‘এফ’ গ্রুপের রানার্স-আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের মুখোমুখি হবে এশিয়ার পরাশক্তিরা।
আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। অন্যদিকে গ্রুপের তৃতীয় সেরা দলগুলোর তালিকায় সুবিধাজনক অবস্থানে থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে সুইডেনও।
ম্যাচের ৫৬ মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় জাপান। এরপর অ্যান্থনি এলাঙ্গার গোলে সমতায় ফেরে সুইডেন। এই গ্রুপে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস, শেষ বত্রিশে যাদের প্রতিপক্ষ মরক্কো। অন্যদিকে ৩ ম্যাচের সবকটিতে হেরে বিদায় নিয়েছে তিউনিসিয়া।
দুই দলেরই পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকায় প্রথমার্ধে ম্যাচে চিরচেনা উত্তাপ বা গতি ছিল না। ম্যাচের আধঘণ্টা পেরোতেই চোটের কারণে সেন্টার ব্যাক হিয়েনকে হারায় সুইডেন। এর কিছুক্ষণ পর প্রথমার্ধেই নিজেদের অধিনায়ককে তুলে নেয় জাপান। ঘনঘন ফাউল আর অনাকাঙ্ক্ষিত বিরতির কারণে ম্যাচটি চেনা ছন্দ পায়নি।
তবে এর মাঝেই প্রথমার্ধে সবচেয়ে কাঁপন ধরানো মুহূর্ত তৈরি করেছিল জাপান। সুইডেনের ডি-বক্সের ঠিক বাইরে থেকে নাকামুরার নেওয়া দারুণ এক মাপা শট গোলপোস্টের নিচের ডান কোণ ঘেঁষে প্রায় ঢুকেই যাচ্ছিল। ওই এক চেষ্টা বাদ দিলে বিরতির আগে দুই দলের ফুটবল ছিল অনেকটাই ম্যাড়মেড়ে।


