২৪ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার করা হয়েছে ঢাকার কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে।
বুধবার দুপুরে নিখোঁজ ওই এসআই উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক।
তিনি বলেন, ‘প্রায় এক মাস নিখোঁজ থাকার পর রাকিবকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে উর্ধ্বতন কর্মকর্তারা কথা বলার চেষ্টা করছেন। তবে সে এতদিন কোথায় ছিল সে বিষয়ে এখনই বিস্তারিত জানতে পারিনি।’
গত ২৮ এপ্রিল থেকে নিখোঁজ হয়েছিলেন এসআই রাকিবুল হাসান সরকার। ডিউটিতে যোগ না দিয়ে সিভিল ড্রেসে ব্যারাক থেকে বের হয়ে গিয়েছিলেন তিনি।
নিখোঁজ রাকিবুলের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার। দুই মাস আগে তিনি কলাবাগান থানায় যোগ দিয়েছিলেন। এর আগে তিনি কাস্টমস বিভাগে কর্মরত ছিলেন।


