চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে দুটি আইসক্রিম কারখানাসহ তিন প্রতিষ্ঠানকে মোট ৮১ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার চান্দগাঁও থানার এফআইডিসি রোড ও শহীদপাড়া এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানকালে দেখা যায়, এফআইডিসি রোডের এস মিল এলাকায় অবস্থিত আলিফা আইসক্রিম ফ্যাক্টরি অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে বিভিন্ন রাসায়নিক, নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে শহীদপাড়ার আম্মাজান আইসক্রিম ফ্যাক্টরিতে বিভিন্ন রাসায়নিক, নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের পাশাপাশি নামী প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করে পণ্য বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় স্থানীয় একটি মুদি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চসিক জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


