ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় সংঘর্ষে কিশোর নিহত

ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় সংঘর্ষে কিশোর নিহত
দুই পক্ষের সংঘর্ষে নিহত সামি বেপারী। ফাইল ছবি
Advertisement
Advertisement

ফরিদপুরের ভাঙ্গায় একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সামি বেপারী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

সোমবার দুপুর ১টার দিকে ভাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কৈডুবি সদরদী মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সামি বেপারী ওই এলাকার আতিকুর বেপারীর ছেলে এবং স্থানীয় ‘হযরত ফাতিমাতুয যাহোরা মহিলা মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান বেপারীর চাচাতো ভাইয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৈডুবি সদরদী এলাকায় ২০২৪ সালে মো. মনিরুজ্জামান বেপারী নিজ বাড়িতে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিবেশী বসার মাতুব্বরের ছেলে জিসান মাতুব্বর (১৩) প্রায়ই সেখানকার শিক্ষার্থীদের উত্ত্যক্ত করত। সোমবার দুপুর ১২টার দিকে জিসান মাদ্রাসার টিনের প্রাচীরে ইট দিয়ে আঘাত করলে মনিরুজ্জামান প্রতিবাদ জানান। এ নিয়ে দুইজনের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়।

আরও পড়ুন

পরবর্তীতে জিসান বাড়িতে গিয়ে খবর দিলে মাতুব্বর পক্ষের দুই থেকে ৩০ জন লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংবদ্ধ হয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে আধা ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হন।

গুরুতর আহত সামি বেপারীকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। সংঘর্ষে আহতদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন এবং ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন চিকিৎসাধীন রয়েছেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad