অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন ও পরিচালনার জন্য নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার বলে সংসদে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এ ছাড়া দুর্বল প্রকাশনা রেকর্ড থাকা জেলা-ভিত্তিক সংবাদপত্রগুলোকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ সব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা পরীক্ষা করে দেখছি, ওই সংবাদপত্রগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তালিকাভুক্ত হয়েছিল কি না। কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও জানান, অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন ও পরিচালনার জন্য নতুন নীতিমালা প্রণয়ন করছে মন্ত্রণালয়।
এর আগে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান সংবাদমাধ্যমগুলোর মাধ্যমে কথিত ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।


