বরগুনার তালতলীর পায়রা নদীতে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে অলিউল্লাহ ফরাজী (১৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলার পচাঁকোড়ালিয়া স্লুইসগেট সংলগ্ন পায়রা নদীতে এ ঘটনা ঘটে।
মৃত অলিউল্লাহ ফরাজী তালতলীর পচাঁকোড়ালিয়া স্লুইসগেট এলাকার লোকমান ফরাজীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকালে মাছ ধরার উদ্দেশ্যে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পায়রা নদীতে বড়শি নিয়ে মাছ শিকারে যান অলিউল্লাহ। সকাল ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। এ সময় অন্য জেলেরা তাকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিছু আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


