মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সাময়িকভাবে সিলেটের সঙ্গে বন্ধ থাকা সারা দেশের রেল যোগাযোগ আবারও চালু হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে উদ্ধার কাজ শেষ হওয়ার পর পরীক্ষামূলকভাবে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন চলাচল করে। পরে রেললাইন সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভানুগাছ রেলস্টেশনের স্টেশন মাস্টার গৌড় প্রসাদ দাশ জানান, বিকালে আখাউড়া-সিলেট রেলপথের লাউয়াছড়া উদ্যান সংলগ্ন ২৯৪/৮ নম্বর পিলার এলাকায় ৯৬২ নম্বর তেলবাহী ট্রেনের একটি ওয়াগনের কয়েকটি চাকা লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, ‘স্থানীয়ভাবে জ্যাক ব্যবহার করে লাইনচ্যুত ওয়াগন পুনরায় লাইনে তোলা হয়েছে। জয়ন্তিকা এক্সপ্রেস চলাচলের পর রেললাইন পুরোপুরি সচল ঘোষণা করা হয়েছে।’
রেলওয়ে সূত্র জানায়, উদ্ধার কাজের জন্য শমশেরনগর স্টেশন থেকে একটি হাইড্রোলিক টুল ভ্যান প্রস্তুত রাখা হলেও সেটির প্রয়োজন হয়নি। এছাড়া আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন রওনা দিলেও পরে সেটি আর ঘটনাস্থলে যায়নি।
এর আগে বিকাল ৪টার দিকে লাউয়াছড়া উদ্যানে প্রবেশের সময় ট্রেনে থাকা আরএনবি গোয়েন্দা সদস্যরা ধোঁয়া দেখতে পেয়ে লোকোমাস্টারকে সতর্ক করেন। পরে ট্রেন থামিয়ে দেখা যায়, একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেনটিতে কোনো তেল ছিল না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


