কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার
ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল আবছার (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পোড়াদহ জিআরপি (রেলওয়ে) পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত যুবকের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপির সূত্র ধরে জানা গেছে, তার বাড়ি চট্টগ্রাম। তিনি চট্টগ্রামের বাঁশখালী থানাধীন সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া মিল লাইন রেলগেট পার হচ্ছিল। ওই সময় রেলগেটের ওপর ঈদের জন্য নির্মাণাধীন প্যান্ডেলে কাজ করছিলেন ডেকোরেটরের এক শ্রমিক। তিনি ট্রেনের ছাদে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিলে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ট্রেনটি থামিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, যুবকের বুকে ও মাথায় আঘাতের চিহ্ন আছে। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপির মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে ট্রেনটি ছেড়ে আসার পর রাজবাড়ী স্টেশন এলাকার ছোট ছোট ব্রিজের কোনো একটির গার্ডারের সাথে ধাক্কা লেগে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর