চট্টগ্রামের পটিয়ায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
শনিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আনসার ক্যাম্পের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ার আখতার হোসেনের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেন (১৫) এবং একই এলাকার জাহেদুল ইসলামের ছেলে মোহাম্মদ তাসনিম (১৫)। শাহাদাত চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের এবং তাসনিম আব্দুস সোবাহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আহত তানভির হোসেন (১৮) একই এলাকার মোহাম্মদ আবদুলের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে শাহাদাত, তাসনিম ও তানভির স্থানীয় একটি কোরবানির পশুর হাটে গরু দেখতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিল শাহাদাত। আনসার ক্যাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে।
ঘটনাস্থলেই শাহাদাত নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তাসনিম ও তানভিরকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাসনিমকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসচালক পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে বাসটি আটক করেন এবং পুলিশে খবর দেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুচিতা দেব জানান, হতাহত তিনজনই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। আহত তানভিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, নিহত দুজনের মরদেহ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


