পিরোজপুর জেলার ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার করে জনচলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বৈঠকে পিরোজপুর জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বিদ্যমান সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পর্যালোচনা সভায় উঠে আসে, বিগত সময়ে কিছু প্রকল্পে কাজের ধীরগতি ও অনিয়মের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে সরকার বদ্ধপরিকর এবং যেসব রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলিত বা চলাচলের অযোগ্য হয়ে আছে, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করতে হবে।
একই সঙ্গে উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুম সাঈদী, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


