সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন সময়মতো পরিশোধ নিশ্চিত করতে বিশেষ ঋণ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ঈদের আগে যাতে শ্রমিক অসন্তোষ সৃষ্টি না হয়, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণের অর্থ সরাসরি শ্রমিকদের ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে পাঠাতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচলক আরিফ হোসেন খান টাইমস অব বাংলাদেশ’কে বলেন, শ্রমিকরা ঈদের আগে বেতনের জন্য রাস্তায় নামুক তা বর্তমান সরকার চায় না। শ্রমিকরা যাতে নির্বিঘ্নে যথাসময়ে তাদের বেতন পায় সেজন্যই ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সর্বোচ্চ পনেরো মাসে এই ঋণের অর্থ পরিশোধ করা যাবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈশ্বিক ও দেশের বর্তমান অর্থনৈতিক চাপে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় অনেক প্রতিষ্ঠানে তারল্য সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বর্তমানে বিদ্যমান চলতি মূলধন ঋণসীমার বাইরে গ্রাহকের সক্ষমতা বিশ্লেষণ করে এই মেয়াদি ঋণ সুবিধা দেওয়া যাবে। তবে ঋণের পরিমাণ কোনোভাবেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিগত তিন মাসে প্রদত্ত গড় বেতন-ভাতার বেশি হবে না। অর্থাৎ, গত তিন মাসের মোট বেতনের গড় করার মাধ্যমে এক মাসের বেতন নির্ধারণ করে সমপরিমাণ অর্থ ঋণ হিসেবে দেবে ব্যাংক।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, যেসব শিল্পপ্রতিষ্ঠান তাদের মোট উৎপাদনের ন্যূনতম ৮০ শতাংশ রপ্তানি করে এবং যারা ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত শ্রমিকদের বেতন পরিশোধ করেছে, তারাই কেবল ‘সচল রপ্তানিমুখী প্রতিষ্ঠান’হিসেবে এই ঋণ পাওয়ার যোগ্য হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠন – যেমন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)– এর প্রত্যয়নপত্র গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
ঋণের বিপরীতে বাজারভিত্তিক প্রচলিত সুদহার প্রযোজ্য হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে তফসিলি ব্যাংকগুলো সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীর নিজ নিজ ব্যাংক হিসাবে সরাসরি ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার অর্থ জমা দেবে। এই ঋণ তিন মাসের গ্রেস পিরিয়ডসহ (কিস্তি স্থগিতের সময়) সর্বোচ্চ এক বছরের মধ্যে সমান মাসিক বা ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। নিয়মিত সুদ ছাড়া এই ঋণের ওপর অতিরিক্ত কোনো ফি, চার্জ বা মুনাফা আরোপ করা যাবে না।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


