প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নতুন অর্থবছরের জাতীয় বাজেট অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন ‘মায়ের ডাক’-এর ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এদিন দুপুরে জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে বসে সংগঠনটির ২৬ জন সদস্য অধিবেশনের কার্যক্রম প্রত্যক্ষ করেন। পরে অধিবেশন কক্ষের বাইরে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুইপ রাকিবুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য ফজলুল হক মিলন, শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং মায়ের ডাকের আহ্বায়ক সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনটি চলছিল। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সে সময় অধিবেশনে উপস্থিত ছিলেন।


