ঝিনাইদহের কোটচাঁদপুরে দাখিল পরীক্ষার্থীকে (১৭) ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সৌরভ কুমার নিতাই (২২)। তিনি একই উপজেলার জয়দিয়া গ্রামের হালদার পাড়ার শ্রী দামের ছেলে।
এর আগে সোমবার ভুক্তভোগী কিশোরীর মা কোটচাঁদপুর থানায় মামলা করেন।
মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, আট মাস আগে ভুক্তভোগী শিক্ষার্থীর মোবাইল নাম্বার জোগাড় করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সৌরভ। এর জেরে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং তা কৌশলে ভিডিও করে রাখেন।
সবশেষ গত ২৫ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে পূর্বে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর বাড়ির পাশের একটি মেহগনি বাগানে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন।
ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ে এসব কথা গোপন রাখলেও ওই কিশোরী সোমবার পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা থানায় মামলার সিদ্ধান্ত নেন।
কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনসারুল হক বলেন, ‘ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ ও পর্ণগ্রাফি আইনে মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে আদালতে পাঠিয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’


