যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ট্যাম্পা বে এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় তার রুমমেটকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়।
সিএনএনের খবরে বলা হয়েছে, নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী হলেন জামিল লিমন ও নাহিদা বৃষ্টি। তারা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত সপ্তাহ থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার লিমনের মরদেহ উদ্ধার করা হলেও বৃষ্টি এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় হিশাম আবুঘরবেহ (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামিলের রুমমেট। তাকে জিজ্ঞাসাবাদের পরই শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়।
লিমনের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। সপ্তাহ শেষে ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। নিখোঁজ বৃষ্টির সন্ধান এখনো চালিয়ে যাচ্ছে পুলিশ।
বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, ২৭ বছর বয়সী লিমন ও বৃষ্টিকে সর্বশেষ দেখা যায় ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে। ১৭ এপ্রিল এক পারিবারিক বন্ধু তাদের নিখোঁজের খবর দেন। এর পরিপ্রেক্ষিতে দুটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর তদন্তে নামে পুলিশ।
হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার এক বিবৃতিতে বলেন, ‘এই ঘটনা আমাদের পুরো কমিউনিটির জন্য বড় ধাক্কা। নিরাপদ সমাধানের আশায় যারা ছিলেন, তাদের ওপর বেশ প্রভাব ফেলেছে এটি।’
জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে বৃষ্টি সেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েম জানিয়েছেন, শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সহায়তা দেওয়া হবে।


