দুই মাস কারাবাসের পর অবশেষে মুক্তি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। গত ৩০ এপ্রিল অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর বৃহস্পতিবার তিনি কারামুক্ত হন।
ইমি ‘স্লোগান ৭১’-এর সাবেক সাধারণ সম্পাদক। গত ৭ মার্চ রাজধানীর শাহবাগ থানার সামনে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
কারামুক্তির বিষয়টি ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন ইমির আইনজীবী মুহা. নোমান হোসাইন। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। কারামুক্ত ইমি, পাশে থাকা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
জানা গেছে, ৭ মার্চ রাতে শাহবাগ থানার সামনে ভাষণ বাজানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় কয়েকজন মাইক ও ব্যাটারি ভাঙচুর করলে আয়োজকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। পরে কয়েকজনকে থানার ভেতরে নেওয়া হয়। ঘটনাস্থলে একজন সাংবাদিককে মারধরের অভিযোগও ওঠে।
পুলিশের ভাষ্য, ইমিসহ অন্যান্যরা পুলিশের কাজে বাধা দেন এবং থানা হেফাজতে থাকা আসামি আসিফ আহমেদ সৈকতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধি এ বি যুবায়ের ও মোহাম্মদ মোসাদ্দেকের নেতৃত্বে একদল শিক্ষার্থী আব্দুল আল মামুন ও শেখ তাসনিম আফরোজ ইমিকে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ঘটনায় শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। মামলায় ইমিসহ তিনজনকে আসামি করা হয়।
গত সেপ্টেম্বরে ডাকসু নির্বাচনে বাম সংগঠনগুলোর ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেল থেকে ভিপি পদে প্রার্থী হয়েছিলেন ইমি। ঘটনার দিন তিনি ফেসবুকে শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর কর্মসূচির ডাক দিয়েছিলেন।


