৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাবি শিক্ষার্থী আটক, ‘নিষিদ্ধ’ বললেন ওসি

৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাবি শিক্ষার্থী আটক, ‘নিষিদ্ধ’ বললেন ওসি
শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আটক। শনিবার বিকালে | ছবি: ভিডিও থেকে পাওয়া
Advertisement
Advertisement

রাজধানীর চানখাঁরপুল এলাকায় সাউন্ড বক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকালে টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ভাষণটি বাজানো নিষিদ্ধ হওয়ায় তাকে থানায় নেওয়া হয়েছে।’

আটক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহিদুল্লাহ হলের আবাসিক ছাত্র।

মো. মনিরুজ্জামান বলেন, ‘আটক ব্যক্তি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজাচ্ছিল। এটা তো নিষিদ্ধ, এজন্য তাকে নিয়ে আসা হয়েছে।’

এ বিষয়ে কোনো অভিযোগ এসেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযোগ দিয়েছে বলেই তো তাকে নিয়ে আসা হয়েছে।’

পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। তিনি জানান, শিক্ষার্থীকে থানায় আনার পর বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই শিক্ষার্থী শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজাচ্ছিলেন। আটকের সময় ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ শোনা যাচ্ছিল।

এ সময় কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হলে তাদের সঙ্গে শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশ তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থল থেকে সাউন্ড অপারেটর ও মালিককেও থানায় নেওয়া হয় এবং সাউন্ড বক্সগুলো জব্দ করা হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই শিক্ষার্থী থানায় আটক ছিলেন।

২০১৭ সালের ৩০ অক্টোবর শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দেয়।

ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচির অধীনে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল সংরক্ষণ ও স্বীকৃতি দেওয়া হয়। ওই তালিকায় মোট ৭৮টি দলিলের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ৪৮ নম্বরে স্থান পায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad