৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা বিমানমন্ত্রীর

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা বিমানমন্ত্রীর
রাজৈর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

আগামী ৫ বছরে দেশের বিভিন্ন এলাকায় ২০ হাজার কিলোমিটার খাল খনন কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে ছনকা বাজার হয়ে রাজৈর সড়কের ১ হাজার ৭৫০ মিটার চেইনেজে ধলেশ্বরী নদীর ওপর নির্মিতব্য ৩৩৬ দশমিক ৪ মিটার দৈর্ঘ্যের রাজৈর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, আগামী ধাপে মানিকগঞ্জ জেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে। এ ছাড়া, পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘সেতুটির নির্মাণ কাজ শেষ হলে সাটুরিয়া ও দৌলতপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক উন্নয়ন ঘটবে। ভবিষ্যতে নদীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে আরও সেতু নির্মাণ করা হবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘উন্নয়ন প্রকল্পে ব্যক্তিগত বা আত্মীয়স্বজনের জন্য কোনো তদবির না করে যোগ্য ও অভিজ্ঞদের কাজের সুযোগ দিতে হবে। পাশাপাশি কাজের মান নিশ্চিত করতে সবাইকে নজরদারি জোরদার করতে হবে।’

আরও পড়ুন

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন (পিপিএম-সেবা), এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস. এম. লুৎফর রহমান এবং স্থানীয় বিএনপি নেতারা।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাটুরিয়া উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, মন্ত্রী উপজেলা প্রশাসনের সঙ্গে উন্নয়ন অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। তিনি কর্মকর্তাদের সময়ানুবর্তিতা বজায় রাখার আহ্বান জানান এবং সাটুরিয়ার স্বল্প ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা লিখিত আকারে জমা দিতে নির্দেশ দেন।

সভায় নারী, যুব ও কৃষি খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরা হলে তিনি তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেন।

অনুষ্ঠান শেষে সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া, শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এক ইমামকে নগদ অর্থ প্রদান করা হয়।

পরে তিনি নিজ বাসভবনে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাদা মতবিনিময় সভায় অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad