৪৫তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) নন-ক্যাডার পদের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএস থেকে মোট ৫৪৫ জন প্রার্থীকে বিভিন্ন নন-ক্যাডার পদে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
পিএসসি জানিয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা অনুসরণ করে ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর আওতাধীন নন-ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ বিসিএসে ৫৬৫টি সংশোধিত শূন্য পদের বিপরীতে ৫৪৫ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ফলাফলে দেখা যায়, নন-ক্যাডারগুলোর মধ্যে সর্বোচ্চ ৫০ জন নবম গ্রেডে সমাজসেবা অফিসার পদে নিয়োগ পেয়েছেন।
এর আগে, বুধবার রাতে ৪৫তম বিসিএসের ক্যাডারভুক্ত চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি, যেখানে ১ হাজার ৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
পিএসসি জানিয়েছে, পরবর্তী ধাপের নিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের মাধ্যমে সম্পন্ন হবে।
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল দেখুন এখানে।
৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২২ সালের ৩০ নভেম্বর প্রকাশ করেছিল পিএসসি। ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
ওই বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন লিখিত পরীক্ষায় বসেন গত বছর ২৩ জানুয়ারি, যা শেষ হয় ৩১ জানুয়ারি। এতে ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হন।


