চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার ড্রেন নির্মাণের সময় সীমানা প্রাচীর ধসে নাইরুল ইসলাম (২৬) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
রোববার সকাল ১১টার দিকে পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন কোর্টপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত নাইরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অরুণবাড়ী বেহুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে ড্রেন নির্মাণের কাজ চলাকালীন পাশের বাড়ির সীমানা প্রাচীর হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


