স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ করে রাখা হয়। এসময় অপরাধীদের দ্রুত সাজা নিশ্চিতের দাবিও জানানো হয়।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে জুম্ম ছাত্র জনতার ডাকা এ কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত। অবরোধে ঢাকা-খাগড়াছড়ি, চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন পর্যটকসহ এলাকাবাসী।
বিক্ষুব্ধরা খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ও ব্যারিকেড দিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরি করে। সকাল থেকে বন্ধ হয়ে যায় দূরপাল্লার যানবাহন চলাচল। তবে শহর এলাকায় কিছু ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা যায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, অবরোধ চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও গুরুত্বপূর্ণ স্থানগুলোয় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় ওই কিশোরী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতকারী তাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে দলবদ্ধ ধর্ষণ করে। দীর্ঘ সময় পরও ভুক্তভোগী বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর তাকে অচেতন অবস্থায় ফসলের মাঠ থেকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা।


