৩ সিটির উন্নয়নে বুধবার একনেকে উঠছে ৪ প্রকল্প

৩ সিটির উন্নয়নে বুধবার একনেকে উঠছে ৪ প্রকল্প
Advertisement
Advertisement

ঢাকা দক্ষিণ, রংপুর ও গাজীপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে চারটি প্রকল্প অনুমোদনের জন্য বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন সংযুক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ উন্নয়নে ৭৮৪ কোটি ৮৯ লাখ টাকা এবং রংপুর সিটি করপোরেশনের দুটি প্রকল্পে মোট ১ হাজার ৮১৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের আরেকটি উন্নয়ন প্রকল্পও রয়েছে একনেকের আলোচ্যসূচিতে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে একনেকের সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের একনেক শাখার তথ্য অনুযায়ী, ডিএসসিসির নতুন পাঁচটি অঞ্চলের ১৮ ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নেওয়া হয়েছে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত নতুন ৫টি অঞ্চলের ১৮ ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন’ প্রকল্প। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৮৪ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকা। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

প্রকল্পের আওতায় ১০৪ দশমিক ৭৫ কিলোমিটার সড়ক উন্নয়ন, ১০৩ দশমিক ৫৬ কিলোমিটার নর্দমা উন্নয়ন এবং সড়কবাতি স্থাপনসহ মোট ৪ হাজার ৪৯৯টি আনুষঙ্গিক কাজ করার প্রস্তাব রয়েছে।

২০১৬ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে আটটি ইউনিয়ন যুক্ত করা হয়। পরে এসব ইউনিয়নকে ১৮টি ওয়ার্ডে ভাগ করা হয়। সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হওয়ার পর বিভিন্ন উন্নয়নকাজ হলেও এসব এলাকায় এখনো ৩৬০ দশমিক ৬৫ কিলোমিটার কাঁচা ও ক্ষতিগ্রস্ত রাস্তা রয়েছে। জলাবদ্ধতা নিরসন, সড়ক যোগাযোগ উন্নয়ন এবং নাগরিক সুবিধা বাড়ানোর লক্ষ্যেই নতুন প্রকল্পটি নেওয়া হয়েছে।

আরও পড়ুন

এদিকে, রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে বুধবারের একনেক সভায় দুটি প্রকল্প উঠছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮১৩ কোটি ২৮ লাখ টাকা।

এর মধ্যে ‘রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ ৩ হাজার টাকা। প্রকল্পটির আওতায় নতুন ১৮৬ দশমিক ১৭ কিলোমিটার অ্যাসফল্ট সড়ক নির্মাণ, ১৩৯ দশমিক ১৫ কিলোমিটার অ্যাসফল্ট সড়ক সংস্কার এবং ১১৮ দশমিক ৬৪ কিলোমিটার সড়ক মেরামত ও প্রশস্ত করার প্রস্তাব রয়েছে। এ ছাড়া ৩১ দশমিক ৬০ কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণ করা হবে। একই প্রকল্পের আওতায় ১৪৫ দশমিক ৩১ কিলোমিটার আরসিসি ড্রেন, ৫৫ দশমিক ৯৯ কিলোমিটার সড়কসহ ড্রেন এবং ২২টি সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে।

এই সিটির, ‘রংপুর সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসন’ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২১০ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকা। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটির আওতায় রাস্তা প্রশস্তকরণ, মেরামত ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে সড়কের ব্যবহার উপযোগিতা বাড়ানো এবং সড়ক ব্যবহারকারী ও যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে সড়ক নেটওয়ার্ক উন্নয়ন এবং নগরবাসীর জীবনযাত্রা ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নও প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য।

অন্যদিকে, গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনের রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ ও উন্নয়নেও একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি বুধবারের একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর আওতায় সিটি করপোরেশনের সংশ্লিষ্ট জোনগুলোর সড়ক যোগাযোগ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিকদের চলাচলের সুবিধা বাড়ানোর কাজ করার প্রস্তাব রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad