কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সমুদ্র এলাকায় ডাকাত এবং জলদস্যু নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড। সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও মানব পাচার রোধসহ ডাকাত ও দস্যু দমনে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বেশ কিছুদিন ধরে কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাণিজ্যিক জাহাজ ও ফিশিং ট্রলারে জলদস্যু ও ডাকাত চক্রের হামলার আশঙ্কায় জনমনে আতঙ্ক বিরাজ করছিল। ডাকাত চক্রের এ অপতৎপরতা প্রতিহত করা এবং জড়িতদের আটকের লক্ষ্যে কোস্ট গার্ড তাদের দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করেছে।
এতে আরও বলা হয়, এরই অংশ হিসেবে আধুনিক সক্ষমতাসম্পন্ন জাহাজ ও উচ্চগতিসম্পন্ন স্পিড বোটের মাধ্যমে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে আধুনিক রাডার, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও জিপিএস প্রযুক্তি ব্যবহার করে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় ও সমুদ্রসীমা এলাকায় চলাচলরত সব ধরনের জলযান এবং সন্দেহজনক গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
সোমবার দিনব্যাপী কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা এবং স্টেশন কক্সবাজার, মহেশখালী, মাতারবাড়ী ও কুতুবদিয়া সংলগ্ন দায়িত্বপ্রাপ্ত সমুদ্র এলাকায় অভিযান চালানো হয়। বাণিজ্যিক জাহাজ ও মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
দেশের সমুদ্র, নৌপথ ও উপকূলীয় অঞ্চলকে ডাকাত ও জলদস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


