দীর্ঘ ৩৭ বছর পর আবারও ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু- পাবনার মাহফিজুর রহমান সাগর ও কিশোরগঞ্জের নাজমুল হক হিমেল। এই কৃতিত্বের মধ্য দিয়ে তারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যোগ করলেন এক নতুন ইতিহাস।
মঙ্গলবার (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা, যুক্তরাজ্যের স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিট) ইংলিশ চ্যানেল পাড়ি দিতে শুরু করেন সাগর ও হিমেল। একটি ছয় সদস্যের আন্তর্জাতিক রিলে দলে অংশ নেন তারা। সাগর নিজেই প্রথম সাঁতারু হিসেবে চ্যানেলে নামেন। প্রতিটি সদস্য নির্দিষ্ট দূরত্ব সাঁতরে এগিয়ে যান, আর এভাবেই সম্পন্ন হয় ১২ ঘণ্টা ১৫ মিনিটের দীর্ঘ অভিযান।
এই রিলে দলে বাংলাদেশের দুজন ছাড়াও ছিলেন মেক্সিকো ও ভারতের চার সাঁতারু। তবে দেশের প্রতিনিধিত্ব করে সাগর ও হিমেল ছিলেন অনন্য। টানা কয়েক দিনের বৈরী আবহাওয়ার কারণে যাত্রা পেছাতে হয়েছিল কয়েকবার। সব বাধা পেরিয়ে অবশেষে তারা পার করেন দুর্ভেদ্য চ্যানেল।
ইংলিশ চ্যানেলকে বিশ্বের অন্যতম কঠিন জলপথ হিসেবে ধরা হয়। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যবর্তী এই চ্যানেলের দৈর্ঘ্য প্রায় ৫৬০ কিলোমিটার (৩৫০ মাইল)। ঠান্ডা পানি, শক্তিশালী স্রোত এবং রাডারবিহীন জাহাজ চলাচলের কারণে এই পথে সাঁতার অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসিক।
মাহফিজুর রহমান সাগর, যিনি দেশের অন্যতম সেরা সাঁতারু ও সাবেক অলিম্পিয়ান, সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘৩৭ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হলো আজ। ইংলিশ চ্যানেল আর কোনো কল্পকাহিনি নয়। বাংলাদেশ এখন এই চ্যানেলও জয় করতে পারে।’
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া বাংলাদেশিদের তালিকায় তাদের আগে ছিলেন মাত্র তিনজন। প্রথম ব্যক্তি ছিলেন ব্রজেন দাস, যিনি ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ছয়বার চ্যানেলটি পাড়ি দেন এবং প্রথম এশীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। পরে ১৯৬৫ সালে আবদুল মালেক এবং ১৯৮৭ সালে মোশাররফ হোসেন এই চ্যানেল পাড়ি দেন।


