ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, শনিবার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় একাধিক বিশেষ অভিযান চালায়।
ব্রাহ্মণবাড়িয়ার খাদলা বর্ডার আউটপোস্ট (বিওপি), কুমিল্লার শশীদল বিওপি এবং বড়জ্বালা বিওপির টহলদল পৃথকভাবে অভিযান পরিচালনা করে একটি পিকআপ গাড়িসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে জিরা, মেহেদি, বিভিন্ন ধরনের কসমেটিকস, শাড়ি, বাসমতি চাল, সাবান, ফুচকা, বাজি এবং বিভিন্ন ধরনের ওষুধ। এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৯০ লাখ ৬৬ হাজার টাকা।
জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, ‘সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে আমরা সবসময় তৎপর রয়েছি।’
তিনি বলেন, ‘গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’


