আগামী ২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ভারতীয় ভিসা সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশ করেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার। এরমধ্য দিয়ে তিনি ঢাকায় মিশনের আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নিলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, ঢাকা-দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে শিগগিরই বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত।
প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীরা। ধীরে ধীরে অন্য শহরগুলোতেও ভিসা কার্যক্রম চালু হবে।
ভারতীয় হাইকমিশনার ঢাকার যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টার থেকে বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন কার্যক্রম আবার শুরু করছি। আগামী ২৮ জুন রোববার থেকেই আবেদন জমা দেওয়া যাবে। পাশাপাশি মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসার সুবিধাও চালু থাকবে।’
ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা করেন দীনেশ ত্রিবেদী।


