আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রতিটি কেন্দ্রে সিসি ক্যমেরা বাধ্যতামূলক বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রশ্ন ফাঁস হতে দেওয়া যাবে না। প্রশ্ন ফাঁস হলে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে, কোন ছাড় দেওয়া হবে না।
বরিশাল শিল্পকলায় এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বরিশাল অঞ্চলের আওতাধীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে বরিশাল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘২০০১ সালের পর আর নকল হয়নি। ২০০৬ সালে নকলের দাফন কাফন চল্লিশা খেয়ে আমরা বিদায় নিলাম। পরে দেখা গেল নকল করোনার মতো ভেরিয়েন্ট বদলে আবার চলে এল।’
আসন্ন এইচএসসি পরিক্ষার বিষয়ে তিনি বলেন, এবারের এইচএসসি পরিক্ষায় পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা থাকবে। বাইরে থেকে কেউ আক্রমণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরার কোন বিকল্প চলবে না।
পরীক্ষার খাতা দেখার বিষয়ে তিনি বলেন, ‘এবারে কেউ খাতা দেখার বিষয়টি আইনে যুক্ত করা হয়েছে। খাতা পরিবর্তন করা যাবে না, প্রয়োজন হলে বোর্ড থেকে খাতা নিয়ে যাব, সেগুলো নিয়ে আমি চেক করব। এগুলো আমি আইনে রেখেছি।’
মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী বলেন, ‘এবারে এসএসসি পরীক্ষা সুন্দর ভাবে হয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়নি। আশা করছি এবারের পরীক্ষাও ভালো হবে সুন্দর হবে। আমরা পরীক্ষার বিষয়ে প্রশাসনিক সকল স্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি।’
তিনি বলেন, ‘শিক্ষার মান উন্নয়নের জন্য কি কি করা যায়, শিক্ষকদের কি কি অসুবিধা রয়েছে, প্রতিষ্ঠানে কি কি দুর্বলতা রয়েছে সেই বিষয়ে করে ব্যবস্থা নেওয়ার জন্যই আমার এই সফর।’


