২৩ বছর পর চলতি বছরের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই দুই টেস্টের সূচি ও ভেন্যু বুধবার ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ডারউইনের মারারা স্টেডিয়ামে আগামী ১৩ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্টের ভেন্যু কুইন্সল্যান্ডের ম্যাকাইতে, শুরু হবে ২২ আগস্ট।
কুইন্সল্যান্ডের টপ এন্ড শহরগুলোর টাউন্সভিল ও কেয়ার্ন্সের সাম্প্রতিককালে সাদা বলের বেশ কিছু ম্যাচ হলেও ডারউইনে ২০০৪ সালের পর আর টেস্ট ক্রিকেট হয়নি। ম্যাকাইতে অস্ট্রেলিয়ার নারী দল খেলেছে ২০২১ ও ২০২৪ সালে। এই দুই ভেন্যুতে টেস্ট না হওয়ার অন্যতম কারণ আবহাওয়া টেস্টের প্রতিকূলে থাকা। মূলত অনেক বেশি গরমের কারণে শুষ্ক মাঠ টেস্ট খেলার উপযোগী থাকে না।
তবুও ম্যাকাইতে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে টেস্ট ক্রিকেট। পেতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যুর স্বীকৃতি। তবে ডারইউইনে এবারই প্রথম নয়, ২০০৩ সালে সেখানে বাংলাদেশ ও ২০০৪ সালে খেলেছে শ্রীলংকা। তবে ২০০৮ সালের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধই ছিল।


