ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে এক কোটি ২৫ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ শামীমা আফরোজ আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ২২ জুন মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।
তোফায়েল আহমেদের আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
এই মামলার অন্য আসামিরা হলেন- ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেন।
শুনানির সময় মোশারফ হোসেন আদালতে উপস্থিত থাকলেও বাকি দুই আসামি পলাতক রয়েছেন।
এর আগে, গত ১৯ এপ্রিল তোফায়েল আহমেদসহ দুইজন পলাতক থাকায় ঢাকা বিভাগীয় স্পেশাল জজ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০০২ সালে দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম আওয়ামী নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে ওই মামলা করেন।
এতে উল্লেখ করা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেনের যোগসাজশে সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে মোট এক কোটি ২৫ লাখ টাকা স্থানান্তর ও উত্তোলন করেন। মামলাটি তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়।
তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি পুনরায় কার্যকর করে নিম্ন আদালতে পাঠায়।


