ঢাকার উত্তরা ও মিরপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের দুটি আলাদা ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছেন। শনিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
উত্তরার উত্তরখানের এক বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- হাসনা হেনা (৪০), আখি (৩০) ও আলী হোসেন (৫০)।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, এর মধ্যে আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনা হেনার শরীরের ৬০ শতাংশ ও আখির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। আলী হোসেন ও হাসনা হেনার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজের সামনে সিগারেট জ্বালাতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মিরাজ, সুজন ও বিপ্লব নামে তিন যুবক দগ্ধ হয়েছেন।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে দগ্ধ অবস্থায় আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
শাওন বিন রহমান জানান, মিরাজের শরীরে ১৫ শতাংশ, সুজনের শরীরে ২৪ শতাংশ এবং বিপ্লবের শরীরে ১০ শতাংশ দগ্ধ রয়েছে।


