আগামী ৫০ বছরেও আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা খুব কম বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের এমন তিনটি প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করেছে, যাদের তিক্ত অভিজ্ঞতা ও ক্ষোভ দলটির জন্য দীর্ঘমেয়াদি রাজনৈতিক বাধা হয়ে থাকবে।’
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আলোচনায় অংশ নিয়ে মাহবুবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ পর পর তিনটি প্রজন্মকে ‘ইনজুরড’ (ক্ষতিগ্রস্ত) করেছে। এর মধ্যে একটি স্কুলপড়ুয়া, একটি কলেজপড়ুয়া এবং অন্যটি বিশ্ববিদ্যালয়পড়ুয়া প্রজন্ম।’
তার ভাষ্য, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে ২০২৪ সালের জুলাই-আগস্টের ‘হাসিনা খেদাও’ গণআন্দোলনের অভিজ্ঞতা এই প্রজন্মগুলোর রাজনৈতিক অবস্থান ও মনোভাবকে গভীরভাবে প্রভাবিত করেছে।
তিনি আরও বলেন, ‘এই তিন প্রজন্মের মানুষ জীবিত থাকা অবস্থায় আগামী ৫০ বছরেও আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ, এসব অধিকার আদায়ের আন্দোলনের মধ্য দিয়ে দেশের তরুণ সমাজ আওয়ামী লীগের শাসনামল সম্পর্কে যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে, তা সহজে ভুলে যাওয়ার মতো নয়।’


