রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলাসহ দলটির কর্মী মকবুলকে হত্যার অভিযোগে করা মামলায় পাঁচ দফায় ১৮ দিনের রিমান্ড শেষে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) শেখ মামুন খালেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) জশিতা ইসলাম এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন এ তথ্য জানিয়েছেন।
এদিন রিমান্ড শেষে আদালতে জামিনের আবেদন করেন মামুন খালেদের আইনজীবীরা। এ সময় মামুন খালেদ আদালতের অনুমতি নিয়ে বলেন, ‘একাডেমিক লাইফ ছাড়া আমার কোনো কাজ ছিল না। আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম না। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) শিক্ষকতা করতাম। দিনে ও রাতে আমি ক্লাস নিতাম। সবসময় একাডেমিক নিয়ে কাজ করেছি। আমি জামিন আবেদন করছি। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
আদালত সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে মামুন খালেদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এরপর ২৬ মার্চ প্রথম দফায় পাঁচ দিন, ৩১ মার্চ দ্বিতীয় দফায় ছয় দিন এবং ৬ এপ্রিল তৃতীয় দফায় তিন দিন, ৯ এপ্রিল তিন দিন ও ১০ এপ্রিল এক দিনসহ মোট পাঁচ দফায় তাকে ১৮ দিনের রিমান্ডে নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে পুনরায় আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর তৎকালীন সরকারের পতন ও এক দফা দাবি আদায়ের কর্মসূচির সময় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ সময় পুলিশের গুলিতে মকবুল হোসেন নামের বিএনপি কর্মী নিহত হন। ওই ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন, যেখানে মামুন খালেদকেও আসামি করা হয়েছে। মাহফুজার রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পল্টন মডেল থানায় মামলাটি করেন।


