চাঁদপুর শহরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত এবং ফ্রিজে কাঁচা খাবারের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণের অপরাধে হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং কাঁচা খাবারের সঙ্গে রান্না করা বাসি খাবার একসঙ্গে সংরক্ষণ করা শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে হোটেলটির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় অভিযুক্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার নেওয়া হয়। পাশাপাশি নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ভোক্তা সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সাহায্য করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।


