সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি পরিচালক নাজমুলকে

সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি পরিচালক নাজমুলকে
সব দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের দায়ে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে। বৃহস্পতিবার বোর্ডের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় বিসিবি। 

পরবর্তীতে বিকেল ৪টা ৪৯ মিনিটে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে সরিয়ে দেয়ার ঘোষণায় বিসিবি জানায়, গঠনতন্ত্রের ৩১ নং অনুচ্ছেদ অনুযায়ী পদাধিকার বলে নাজমুলকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবি গঠনতন্ত্রের এই অনুচ্ছেদে লেখা আছে, ‘যে সকল সিদ্ধান্ত গ্রহণে পরিচালনা পরিষদের অনুমোদন আবশ্যক সেই সকল ক্ষেত্রে যদি পরিচালনা পরিষদের জরুরী সভা আহবানের পর্যাপ্ত সময় না পাওয়া যায় সেই ক্ষেত্রে অথবা অন্য কোন জরুরী বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির সিদ্ধান্তই চূড়ান্ত এবং অনুমোদিত হিসেবে বিবেচিত হইবে। তবে ইহা পরিচালনা পরিষদের পরবর্তী সভায় অবহিত করার জন্য উপস্থাপন করিতে হইবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আরো জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বোর্ড সভাপতি।

যদিও ক্রিকেটারদের দাবি ছিল, তাকে সব ধরনের পদ থেকে অব্যাহতি দিতে হবে। কিন্তু এক্ষেত্রে গঠনতান্ত্রিক কিছু জটিলতা রয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালকের পদশূন্য হওয়ার জন্য বেশ কয়টি শর্ত পূরণ হতে হয়। মৃত্যু, স্বেচ্ছায় পদত্যাগ, মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাভঙ্গ, অসুস্থতা, বিদেশ গমন ও পরপর তিনটি বোর্ড সভায় অনুস্পস্থিতি। অন্যথায় বিসিবির পক্ষে তাকে পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়ার কোনো ক্ষমতা নেই। অবশ্য বিসিবি এখনো নিশ্চিত করেনি, পরিচালকের পদে তিনি থাকছেন কিনা। 

আরও পড়ুন

বুধবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নাজমুলকে প্রশ্ন করা হয় বিশ্বকাপে খেলতে না যাওয়া প্রসঙ্গে। তার কাছে জানতে চাওয়া হয়, নিরাপত্তা ইস্যুতে শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের কোনো আর্থিক ক্ষতিপূরণ বিসিবি থেকে দেয়া হবে কি না?

এই প্রশ্নের জবাবে নাজমুল রীতিমতো এক বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি বলেন, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, খারাপ খেলে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’

সেই রাতেই নাজমুলের মন্তব্যের জেরে ক্রিকেটার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানায়, দিনের প্রথম ম্যাচের আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কট করবেন তারা। সেই মোতাবেক তিনি পদত্যাগ না করায় মাঠেই গড়ায়নি চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার দিনের প্রথম ম্যাচ। মাঠেও আসেনি কোনো দল।

পরবর্তীতে বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মিঠুন জানান, তাদের অবস্থানে অনড়ই আছেন তারা। আরো জানিয়েছেন, নাজমুলের পদত্যাগের সাপেক্ষেই তারা মাঠে ফিরবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad