জয়–পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি

জয়–পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি
সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক। কোলাজ: টাইমস
Advertisement
Advertisement

জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার দিন ধার্য হয়েছে ২১ জানুয়ারি।

বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানি শেষে অভিযোগ গঠনের এ দিন ধার্য করে। এর আগে গত ১১ জানুয়ারি চিফ প্রসিকিউটর অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।

শুনানিতে আসামিপক্ষে আইনজীবী লিটন আহমেদ অংশ নিয়ে পলকের অব্যাহতির আবেদন করেন। পরে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম পাল্টা যুক্তি তুলে ধরেন।

প্রসিকিউশনের অভিযোগ, গণঅভ্যুত্থানের সময় দেশব্যাপী ইন্টারনেট বন্ধের নির্দেশ সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে আসত এবং সেই নির্দেশ বাস্তবায়ন করতেন জুনায়েদ আহমেদ পলক। এতে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে দাবি করে প্রসিকিউশন। এ কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানানো হয়।

আরও পড়ুন

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পলকের আইনজীবী বলেন, ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশ পলক দেননি। বরং এ ধরনের সিদ্ধান্ত আসত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তিনি দাবি করেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ও গুজব প্রতিরোধে পলক আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন।

এ মামলার আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন। অপর আসামি জুনায়েদ আহমেদ পলক বর্তমানে গ্রেপ্তার আছেন। শুনানির জন্য তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে গত ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জয় ও পলকের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়। একইদিন জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad