অসুস্থ মা খালেদা জিয়াকে দেখার পর গুলশান এভিনিউয়ের নিজ বাসভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর ৩ মাস পর দেশের মাটিতে নিজের বাসায় প্রবেশ করেন তিনি।
বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে গুলশান-২ নম্বর মোড় হয়ে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় পৌঁছান তারেক রহমান। এই বাসার পাশেই রয়েছে তার (তারেক) মায়ের বাসববন ফিরোজা।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে হাসপাতাল থেকে বের হন তারেক রহমান ও তার পরিবারের অন্য সদস্যরা। এ সময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছিলেন।
দীর্ঘ নির্বাসন জীবন শেষে দেশে ফিরে অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যান তারেক রহমান।
বৃহস্পতিবার বিকাল ৫টা ৫৪ মিনিটে তিনি রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। তার আগেই হাসপাতালে পৌঁছান তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।


