সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালি পুনরায় খোলার পরিকল্পনাকে অবাস্তব ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি বলেছেন, ‘জোরপূর্বক এ প্রণালি খুলতে গেলে যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং বড় ধরনের ঝুঁকি তৈরি হবে।’
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মাখোঁ বলেন, ‘অনেকে সামরিক অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালি মুক্ত করার ধারণা সমর্থন করছেন। তবে ফ্রান্স কখনো’ এই পরিকল্পনাকে সমর্থন করেনি, কারণ এটি বাস্তবসম্মত নয়।
তিনি বলেন, ‘এমন প্রক্রিয়ায় হরমুজ প্রণালি খুলতে গেলে অনন্তকাল সময় লেগে যাবে এবং এ পথে যাতায়াতকারী সবাইকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝুঁকির মুখে ফেলে দেবে।’
ন্যাটো মিত্রদের প্রতি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে মাখোঁ বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের সিদ্ধান্তে এই অভিযান শুরু করেছে।’
তিনি বলেন, ‘তারা সহায়তা না পাওয়ার জন্য আক্ষেপ করতে পারে, কিন্তু এটি আমাদের অভিযান নয়। আমরা যত দ্রুত সম্ভব শান্তি চাই।’
ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করে মাখোঁ আরও বলেন, ‘আমরা এখানে যুদ্ধ এবং শান্তি নিয়ে কথা বলছি। আমাদের দায়িত্বশীল হওয়া উচিত। এক দিন এক কথা আর পরের দিন তার উল্টো কথা বলা বন্ধ করতে হবে।’
এ ছাড়া, তাঁর স্ত্রী ব্রিজিতকে নিয়ে ট্রাম্পের করা বিদ্রুপাত্মক মন্তব্যকে ‘অশোভন’ বলেও অভিহিত করেন এই ফরাসি নেতা।


