ষোল বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া যাবে-এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এক পরিচত্রে এ তথ্য জানানো হয়েছে।
পরিচত্রে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫ অনুযায়ী আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
নির্দেশনাটি এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
ইসি এনআইডি অনুবিভাগের এক কর্মকর্তা জানান, এনআইডি পেলেও ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে না।
এর আগে, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সময় এনআইডি কার্ড প্রবর্তন করে ইসি। শুরুতে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের লেমিনেটেড এনআইডি কার্ড দেওয়া হলেও ২০১৬ সাল থেকে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু হয়।
ব্যাংক হিসাব খোলা, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি, সিম নিবন্ধন এবং ভূমি-সংক্রান্ত সেবাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ সেবা পেতে বর্তমানে এনআইডি কার্ড অপরিহার্য।


