আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকে শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থাকলে সব সমস্যা সমাধান সম্ভব।
মঙ্গলবার রাতে ঢাকার উত্তরায় আজমপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় তারেক রহমান বলেন, ‘বিগত ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, এ সময়ে দেশের মানুষের কোনো সমস্যার সমাধান হয়নি। সারা দেশের মানুষ প্রতি মাসে গ্যাস বিল পরিশোধ করে ঠিকই কিন্তু ঠিকমতো গ্যাস পান না। বিগত সময়গুলোতে দেশে কোনোভাবেই নতুন গ্যাসকূপের সন্ধান করতে দেওয়া হয়নি।’
অনেক সমস্যা সমাধানের মাধ্যমেই দেশের উন্নয়নের বার্তা দেন তিনি। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমাদেরকে নতুন মিল, ফ্যাক্টরি ও কলকারখানা তৈরি করতে হবে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে ধীরে ধীরে বাংলাদেশের এ সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব। যত সমস্যা হোক মোকাবিলা করা সম্ভব।’
‘এসব সমস্যা সমাধান করতে হলে অবশ্যই আপনাদের সমর্থন প্রয়োজন। আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশের পরিবর্তনের সূচনা হবে। যেকোনো পরিস্থিতিতেই আমরা বাংলাদেশের জন্য কাজ করব,’ যোগ করেন তিনি।
জুলাই আন্দোলনে উত্তরার ছাত্রজনতার অবদান স্মরণ করে তারেক রহমান বলেন, চব্বিশের জুলাই আন্দোলনে উত্তরার মানুষদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এ সময় আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।


