জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনের আগে গণভোটের দাবিতে আগামী ১১ নভেম্বর ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দল। ওই কর্মসূচিতে ঢাকায় জনস্রোত তৈরির ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, ১১ নভেম্বর হবে ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি। এর মধ্যে এ বিষয়ে কোন পদক্ষেপ নেওয়া না হলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।
গণভোটের দাবিসহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে গণমিছিল পূর্ব সমাবেশে তিনি একথা বলেন। বৃহস্পতিবার রাজধানীর পল্টন মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ‘কোন টালবাহানা নয়, সরকারকে নির্বাচনের আগেই গণভোট দিতে হবে।’ এজন্য বিএনপি মহাসচিবকে তার দলের পক্ষ থেকে অন্যান্য দলের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান তিনি।
সারাদেশে ব্যাপক চাঁদাবাজি চলছে জানিয়ে তাহের বলেন, একদিনের চাঁদাবাজির টাকায় গণভোট করা সম্ভব।
সমাবেশ শেষে ৮টি দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পৌঁছে দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে রওনা হন।
কর্মসূচি পালনে বেলা সাড়ে ৯টা থেকে দলগুলো ঢাকার বিভিন্ন এলাকা থেকে দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে পল্টনে জড়ো হয়। ৮টি দলের মধ্যে রয়েছে, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
গত সোমবার এ কর্মসূচি ঘোষণা করেছিল দলগুলো। তাদের অন্য দুই দাবির মধ্যে রয়েছে, জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি ও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা।


