প্রথমবারের মতো কোনো বাংলাদেশি বহুজাতিক প্রতিষ্ঠান বাটা শু বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে প্রথম নারী হিসেবেও এই পদ সামলাবেন তিনি।
বাটা শু বাংলাদেশের নতুন এই ব্যবস্থাপনা পরিচালকের নাম ফারিয়া ইয়াসমিন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে নিয়োগের সিদ্ধান্তের কথা জানায় বাটা শু বাংলাদেশ। একই সঙ্গে তার নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জকেও জানিয়েছে কোম্পানিটি।
বাংলাদেশে বাটা ব্যবসা করছে ৬৩ বছর। এই দীর্ঘ সময়ে কোনো বাংলাদেশিকেই ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়নি, দায়িত্ব পাননি কোনো নারীও। সে হিসেবে ফারিয়া ইয়াসমিন প্রথম বাংলাদেশি নারী যিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
ফারিয়া ইয়াসমিন বাটা শু কোম্পানি বাংলাদেশের বর্তমান এমডি দেবব্রত মুখার্জির স্থলাভিষিক্ত হবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেবব্রত মুখার্জি আগামী ২০ নভেম্বর বাটা শু বাংলাদেশের এমডির দায়িত্ব ছেড়ে ভারতের একটি বহুজাতিক কোম্পানির এমডি হিসেবে যোগ দেবেন।
বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ব্র্যান্ড মার্কেটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং ব্যবসা পরিচালনায় ২৩ বছরের অভিজ্ঞতা রয়েছে ফারিয়া ইয়াসমিনের। বাটা শু’র এমডি হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ছিলেন এসিআইয়ের চিফ বিজনেস অফিসার (সিবিও)। এ ছাড়া তিনি বহুজাতিক কোম্পানি রেকিট বেনকাইজার, ম্যারিকো ও নেসলের উচ্চপদেও কাজ করেছেন।
ফারিয়া ইয়াসমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টির আইবিএ থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন তিনি।


