কক্সবাজারে উখিয়া উপজেলা সদরের দক্ষিণ স্টেশনের একরাম মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ী আগুন দগ্ধ হয়ে মারা গেছেন। আগুনে আরও অনেকে আহত হন।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বেলা সাড়ে ৩টার দিকে উখিয়া সদর স্টেশনের একরাম মার্কেটে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বেশকিছু ব্যবসাপ্রতিষ্ঠানসহ নানা স্থাপনা পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত দুইটি এবং কক্সবাজার স্টেশন থেকে আরও একটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণের আসার পর ক্ষয়ক্ষতিসহ আগুনের ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সাজেদুল ইমরান শাওন বলেন, আগুনে দগ্ধ হয়ে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে আহত অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


