চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক বিএনপি নেতা ও তার মা-বাবা আহত হয়েছেন।
রোববার রাত ৮টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত বিএনপি নেতার নাম ওসমান (৪২)। তিনি সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি।
আহত অপর দুজন হলেন, ওসমানের মা আছিয়া বেগম (৭০) ও বাবা রশিদ আহমদ। এর মধ্যে আছিয়া বেগম পায়ে গুলিবিদ্ধ হয়েছেন এবং বাবা রশিদ আহমদ সন্ত্রাসীদের মারধরে আহত হয়েছেন।
ওসমানের বাবা রশিদ আহমদ জানান, চারজন সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আমার ছেলে ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হয়। তাকে বাঁচাতে গেলে আমার স্ত্রী আছিয়া বেগমও দুই পায়ে গুলিবিদ্ধ হন।
তাদের প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ওসমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ওসমানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ টাইমস অব বাংলাদেশকে বলেন, জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী কামালের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সেনাবাহিনী ও র্যাবের সদস্যরাও এলাকায় অবস্থান নিয়েছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে।


