নেত্রকোনার মদন উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মঞ্জু মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার পদারকোণা গ্রামের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার সকালে মঞ্জু মিয়া এবং প্রতিবেশী শান্ত মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে তর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় মঞ্জু মিয়া গুরুতর আহত হন এবং পরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া জানান, বাড়ির সীমানায় বস্তা দেওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের আমীর হোসেন লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং পরে মারা যান।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দেবাংশু দে জানান, মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


