টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার সন্ধ্যায় সখীপুর উপজেলার ভাতকুড়া-নলুয়া সড়কের বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার গোসাইজোয়াইর এলাকার মিন্টু মিয়ার ছেলে মিলন (২৪) এবং বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার মৃত মোকসেদ খানের ছেলে আরফান খান (৭৫)।
পুলিশ জানিয়েছে, উপজেলার ফাইলা পাগলার মেলা থেকে ফেরার পথে একটি মোটরসাইকেলে তিনজন আরোহীসহ বাসাইল কলেজের সামনে আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীর ওপরে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী এবং মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন। আহত দুজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সন্ধ্যায় বাসাইলের কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পথচারী ও মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কেউ অভিযোগ করলেন আইনি ব্যবস্থা নেওয়া হবে।


