ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন রাজু ভাস্কর্যের কাছে মেট্রোরেলের হাই-ভোল্টেজ বৈদ্যুতিক লাইনে একগুচ্ছ গ্যাস বেলুন আটকে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ১০ মিনিট পর বেলুন অপসারণ করা হলে চলাচল স্বাভাবিক হয়।
রোববার সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে গ্যাস বেলুন আটকে যাওয়ার খবর পাওয়া যায়। উড়ে আসা বেলুনগুলো বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ায় বিদ্যুৎ সঞ্চালনে বিঘ্ন ঘটে। এতে উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে আসা মতিঝিলগামী একটি ট্রেন লাইনে আটকে পড়ে।
এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়্যারলেস অপারেটর মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘টিএসসি-সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকায় মেট্রোরেলের হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়। এরপরই বেলুন অপসারণের কাজ শুরু করা হয়।’
সকাল ৭টার দিকে বেলুন অপসারণের কাজ শেষ হলে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়।


