১০ দিনে প্রায় ১ লাখ করদাতার ই-রিটার্ন জমা

১০ দিনে প্রায় ১ লাখ করদাতার ই-রিটার্ন জমা
জাতীয় রাজস্ব ভবন (এনবিআর) | ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া
Advertisement
Advertisement

২০২৫-২৬ করবর্ষের প্রথম ১০ দিনেই ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউএনবি জানায়, ৪ আগস্ট অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ই-রিটার্ন কার্যক্রম উদ্বোধনের পর থেকে ১৩ আগস্ট পর্যন্ত এ রিটার্ন জমা দেওয়া হয়। গত অর্থবছরের প্রথম ১০ দিনে অনলাইনে জমা হয়েছিল ২০ হাজার ৫২৩টি রিটার্ন।

এনবিআরের নিয়ম অনুযায়ী, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত করদাতার আইনগত প্রতিনিধি ছাড়া অন্য সব ব্যক্তিকে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে।

১১ আগস্টের সংশোধিত আদেশে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের এ বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ই-রিটার্ন নিবন্ধনে সমস্যা হলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কর কমিশনারের কাছে আবেদন করে পেপার রিটার্ন জমা দেওয়া যাবে। করদাতারা ব্যাংক ট্রান্সফার, কার্ড, বিকাশ, রকেট, নগদ ইত্যাদির মাধ্যমে কর পরিশোধ করে তাৎক্ষণিকভাবে রিটার্ন জমা ও প্রাপ্তি রশিদ সংগ্রহ করতে পারছেন।

সহায়তার জন্য এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩-৭১৭১৭১) এবং www.etaxnbr.gov.bd পোর্টালের eTax Service অপশন চালু রয়েছে। এনবিআর করদাতাদের যথাসময়ে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় উল্লেখপূর্বক রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad