গণভোটের ‘হ্যাঁ’ জয়ী হলে বিপ্লবী সরকার গঠন করা হতে পারে বলে নিজের শঙ্কার কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদের।
তিনি বলেন, ‘হ্যাঁ ভোট জয়যুক্ত হলে এই সরকার বলবে জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে। তখন সংসদকে এবং সরকারকে বাধ্য করবে তাদের কথামতো চলতে।’
বৃহস্পতিবার রাতে রংপুরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জিএম কাদের। এই জিয়ারতের মাধ্যমেই লাঙ্গল প্রতীকের পক্ষে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন তিনি।
কেন বিপ্লবী সরকার গঠনের আশংকা করছেন তা ব্যাখ্যা করে জিএম কাদের বলেন, ‘হ্যাঁ ভোট যদি জয়ী হয় তখন প্যারালাল একটা ফোর্স দাঁড়িয়ে যাবে। আমরা বিশ্বাস করছি বা আশংকা করছি তারা একটা বিপ্লবী সরকার গঠন করবেন। কবে তারা বলবেন যে যেহেতু হ্যাঁ ভোট পেয়েছি কাজেই জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে। তাই পার্লামেন্ট আমাদের কথামতো চলতে হবে। এর আগে প্রত্যেকটা সংস্কার মেনে চলতে হবে। তাদের দাবি পাস করাতে হবে। মানে তারা সংসদ এবং সরকারকে তাদের কথামতো চলতে বাধ্য করবেন।’
‘তার মানে এতগুলো লোক ভোটটোট দিয়ে এত হইচই করে আমরা একটা সংসদ বানালাম সরকার বানালাম সেগুলো কার্যকরীভাবে কোনো কাজ করতে পারবে না। তারা যেটা বলবে সেটাই পাস করাতে হবে।’
অন্তর্বর্তী সরকার কখন নাগাদ ক্ষমতা হস্তান্তর করে ফিরে যাবে সে সময় নির্দিষ্ট করে জানাতেও আহ্বান জানান তিনি।
এসময় জিএম কাদেরর সঙ্গে দলটির প্রেসিডিয়াম সদস্য আজমল হোসেন লেবু, এসএম ইয়াসির, যুগ্ম মহাসচিব হাজি আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


