মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদের ফের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। তিনি আদালতকে বলেন, শেখ মামুন খালেদ শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিলেন। শেখ হাসিনার রাতের ভোট বাস্তবায়ন করতেন তিনি। জুলাই আন্দোলনে তার পরিকল্পনা ও নির্দেশে ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তার রিমান্ড প্রয়োজন।
অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ শাহিন রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন আবেদন করেন।
আদালতের অনুমতি নিয়ে আসামি শেখ মামুন খালেদ বলেন, ‘আমি একজন শিক্ষক। শেষ পর্যন্ত শিক্ষকতাই করেছি। আমি ভিসি ও প্রো-ভিসির দায়িত্ব পালন করেছি। আমি নিজে একজন শিক্ষক হয়ে কীভাবে ছাত্রদের ওপর গুলি চালাতে পারি? এ অভিযোগ মিথ্যা।’
এ সময় তিনি আদালতকে আরও বলেন, ‘১২০ ঘণ্টা আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমাকে অযৌক্তিক প্রশ্ন করা হয়েছে। ১২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আমার কাছে আর কী জানতে চাওয়া হতে পারে?’
উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২৫ মার্চ গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে মামুন খালেদকে আটক করে ডিবি। ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে তিনি ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো (সিআইবি) এর পরিচালক ছিলেন।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও তিনি একই পদে বহাল ছিলেন। পরে তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালক হন। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি সংস্থাটির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।


